নওগাঁর নিয়ামতপুরে ওঁরাও জাতিগোষ্ঠীর অন্যতম ও সবচেয়ে বর্ণিল ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশ, বর্ণাঢ্য র্যালি এবং মনোজ্ঞ কারাম নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে স্থানীয় ওঁরাও জনগোষ্ঠী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা মাঠে আয়োজিত এই উৎসবে ওঁরাও সম্প্রদায়ের নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। উৎসবের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি পুরো মাঠ প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ঐতিহ্যবাহী কারাম নৃত্য প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন গৈল দিগরী ওঁরাও সমাজ উন্নয়ন পরিষদের রাজা বাবুলাল টপ্প্য, সঞ্চালনা করেন উপদেষ্টা রনজিত মিন্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-সভাপতি আরিফ কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ দেওয়ান, পাঁড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান এবং স্থানীয় ওঁরাও সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কারাম উৎসব ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনাচরণের সঙ্গে গভীরভাবে জড়িত। নতুন প্রজন্মের কাছে নিজেদের এই সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষ প্রতিনিধি