ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু

১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:২১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:২১:০৬ অপরাহ্ন
১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে
দরজার সামনে পুলিশের গাড়ি থামতেই বুকের ভেতর জমে থাকা অপেক্ষাটা যেন আর ধরে রাখতে পারলেন না শেফালী বেগম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত তখন প্রায় ১১টা। গাড়ি থেকে নামলেন তার ছেলে বাদল ফরাজী। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন মা। স্বজনদের চোখেও তখন আনন্দের অশ্রু। বাদল মাকে বললেন, ‘এই তো আমি ফিরে আসছি।’

কথাটা ছোট। কিন্তু এর পেছনে জমে আছে ১৮ বছরের বিচ্ছেদ, কারাগারের দীর্ঘ দিন, আর একটি পরিবারের অসংখ্য অপেক্ষার গল্প।

বাগেরহাটের মোংলার মোর্শেদ রোডের সেই বাড়িতে ফিরেছেন বাদল। কিন্তু এই ফেরা পুরোপুরি ঘরে ফেরা নয়। মায়ের কাছে থাকার জন্য সময় পেয়েছেন মাত্র চার সপ্তাহ। এরপর আবারও তাকে ফিরে যেতে হবে কারাগারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান বাদল। পরে তাকে নেওয়া হয় বাগেরহাট জেলা কারাগারে। সেখান থেকে রাতে মোংলা থানায় মায়ের ও বোনের সঙ্গে দেখা হয়। এরপর পুলিশি পাহারায় তাকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে।

ছেলের ফেরার অপেক্ষায় সেদিন বাড়িতে খাবার তৈরি করেছিলেন বোনেরা। রান্না হয়েছিল শাকভাজি, গরুর মাংস ভুনা, ট্যাংরা মাছের ঝোল আর ডিম ভুনা। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে সামনে বসিয়ে নিজের হাতে খাবার তুলে দেন মা।

খাবারের পদগুলো হয়তো খুব সাধারণ। কিন্তু একজন মায়ের কাছে এই খাবারের প্রতিটি লোকমাই ছিল দীর্ঘদিনের অপূর্ণতার স্বাদ। যে ছেলেকে এত বছর কাছে বসিয়ে খাওয়াতে পারেননি, সেই ছেলেকে আবার নিজের হাতে খাওয়ানোর সুযোগ পেয়েছেন তিনি।

তবে আনন্দের এই মুহূর্তেও শেফালী বেগমের মনে স্বস্তি নেই। ছেলেকে ফিরে পেয়েও জানেন, দিন গুনতে গুনতে আবার বিদায়ের সময় চলে আসবে।

কথা বলতে গিয়ে তার কণ্ঠে ফুটে ওঠে সেই আকুতি। শেফালী বেগম বলেন, ‘আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই, যেন আমার ছেলে সারাজীবন আমার সঙ্গে থাকতে পারে। সরকারের কাছে আমার এটাই আবেদন। ওর বাবা মারা গেছে। আমার ছেলেটার সামনে আমি মরতে চাই।’

একজন মায়ের এই চাওয়ার মধ্যে কোনো বড় দাবি নেই। শুধু জীবনের শেষ সময়টুকু ছেলেকে কাছে পাওয়ার আকুতি।

বাদলের বোন আকলিমা বেগম জানান, অসুস্থ মায়ের পাশে কিছুদিন থাকার সুযোগ করে দিতে তারা এক মাসের প্যারোল চেয়েছিলেন। শেষ পর্যন্ত চার সপ্তাহের প্যারোল মঞ্জুর হয়েছে। পরিবারের প্রত্যাশা, এই সাময়িক মুক্তির পর বাদল যেন স্থায়ীভাবে মুক্তি পান।

বুধবার সকালেও বাড়িতে বাদলকে দেখতে আসেন স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হন। প্রতিবেশী মোহাম্মদ জামাল পেয়াদা বলেন, ‘খুব ভালো ছেলে বাদল। দীর্ঘ সময় পর তাকে জড়িয়ে ধরতে পেরেছি। ছেলেটার স্থায়ী মুক্তি মিলুক, সেই কামনাই করি।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্যারোলের নির্দেশনা অনুযায়ী বাদল ফরাজীর বিষয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। চার সপ্তাহের প্যারোলের শর্ত মেনেই তাকে বাড়িতে রাখা হয়েছে।

গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখার নির্দেশনায় ২০১৬ সালের প্যারোল নীতিমালার বিশেষ বিধান অনুযায়ী বাদল ফরাজীর চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, মানবিক কারণে প্রচলিত ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে।

বাদল ফরাজীর জীবনের এই দীর্ঘ কারাবাসের শুরু ২০০৮ সালে ভারতের দিল্লিতে একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। ওই বছরের ৬ মে দিল্লির লাজপত নগরে নির্মলা মদন নামে এক বৃদ্ধা খুন হন। ভারতীয় পুলিশ এ ঘটনায় ‘বাদল সিং’ নামে এক গৃহকর্মীকে খুঁজছিল।

এর দুই মাস সাত দিন পর, ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। অভিযোগ, নামের মিলের কারণে তাকে সেই বাদল সিং ভেবে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বাদল বারবার দাবি করেছিলেন, তিনি সেই ব্যক্তি নন। কিন্তু ভাষাগত সমস্যার কারণে নিজের বক্তব্য যথাযথভাবে তুলে ধরতে পারেননি বলে জানা যায়। তার কাছে পাসপোর্ট, ভিসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নথি থাকার পরও ২০১৫ সালে দিল্লির একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

কারাগারের দেয়াল তার জীবন আটকে দিলেও পড়াশোনার ইচ্ছাকে থামাতে পারেনি। বন্দিজীবনেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন বাদল।

২০১৮ সালের ৬ জুলাই বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু দেশের মাটিতে ফিরেও মুক্তি মেলেনি। কারাগারই হয়ে ওঠে তার ঠিকানা। এরই মধ্যে কারাগারে থাকা অবস্থায় মারা যান তার বাবা। বাবার মৃত্যুর সময়ও ছেলের পাশে থাকার সুযোগ হয়নি পরিবারের।

বাদলের দীর্ঘ কারাজীবন ও মামলার ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রচার-প্রচারণাও হয়েছে।

১৮ বছর পর বাদল এখন মায়ের ঘরে। পরিচিত উঠান, স্বজনদের মুখ, প্রতিবেশীদের ভালোবাসা আর মায়ের হাতে রান্না করা খাবার। এত দিন যে জীবন থেকে দূরে ছিলেন, সেই জীবনের স্বাদ আবার পাচ্ছেন তিনি।

কিন্তু বাড়ির এই আনন্দের মধ্যেই লুকিয়ে আছে আরেকটি বিদায়ের আশংকা। চার সপ্তাহ পর আবারও কারাগারে ফিরতে হবে তাকে। মা জানেন, দিন যত এগোবে, বিদায়ের সময়ও তত কাছে আসবে।

১৮ বছর পর ছেলেকে ফিরে পাওয়া শেফালী বেগমের কাছে তাই এই চার সপ্তাহ শুধু আনন্দের নয়, নতুন এক অনিশ্চয়তারও সময়।

যে ছেলেকে একদিন হারিয়েছিলেন, তাকে আবার হারাতে চান না এই মা। তার একটাই চাওয়া, চার সপ্তাহের এই সাময়িক ফেরা যেন একদিন স্থায়ী হয়। বাদল যেন আর কখনও মায়ের ঘর ছেড়ে কারাগারে ফিরে যেতে বাধ্য না হন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক