চট্টগ্রামের ফটিকছড়িতে ২০০৪ সালে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ নাছিরকে (৪৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঘটনার পর থেকে প্রায় ২২ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। এ সময় দীর্ঘদিন ওমানে অবস্থান এবং পরিচয় পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মোঃ নাছির চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে। তিনি এ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১৬ মে ভিকটিম রোজি আকতারের মরদেহ তার বসতবাড়ির দক্ষিণ পাশে একটি মান্দার গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রথমে ফটিকছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে রোজি আকতারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন চিকিৎসক।
এরপর ভিকটিমের বড় ভাই মোঃ আবু তাহেরের অভিযোগের ভিত্তিতে ২০০৪ সালের ২ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৩)/৩০ ধারায় ফটিকছড়ি থানায় মামলা করা হয়।
তদন্তে জানা যায়, ভিকটিমের প্রতিবেশী আঃ মান্নান প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। এমনকি বিয়ের প্রস্তাব দেওয়া হলেও আঃ মান্নানের স্বভাব-চরিত্র ভালো না হওয়ায় পরিবার তাতে রাজি হয়নি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৪ সালের ১৫ মে রাত আনুমানিক ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আঃ মান্নান ও নাছির তাকে জোরপূর্বক আঃ মান্নানের দোকানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে পথে নিয়ে যাওয়ার সময় আবু বক্কর ও নুরুল ইসলামের সঙ্গে তাদের দেখা হয়। একপর্যায়ে রোজি বাড়িতে যেতে চাইলে আঃ মান্নান ও নাছির পুনরায় তাকে ধর্ষণ করেন এবং মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। পরে আবু বক্কর ও নুরুল ইসলামের সহায়তায় মরদেহটি বসতবাড়ির গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
মামলার পর গ্রেপ্তার এড়াতে নাছির দীর্ঘদিন আত্মগোপনে চলে যান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৪ সাল থেকে দীর্ঘ সময় তিনি ওমানে অবস্থান করেন। পরবর্তী সময়ে নিজের প্রকৃত পরিচয় গোপন করে ‘মোঃ আজম’ নামে পরিচয় ব্যবহার করে চলাফেরা করতেন।
এসআরবি-৭, চট্টগ্রাম গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :