নওগাঁর মান্দায় অবৈধভাবে চোলাইমদ সেবন করে হট্টগোল ও প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮) এবং দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) ও পলাশ কুমার (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটিতে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নিশীথ হাওলাদারের বসতবাড়ির একটি শয়নকক্ষে কয়েকজন ব্যক্তি অবৈধ চোলাইমদ সেবন করে হট্টগোল ও মাতলামি করছেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জানানো হলে তাঁর নির্দেশনায় রাত ১০টা ৪০ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় চোলাইমদ সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, চোলাইমদ সেবন করে জনশান্তি বিঘ্নিত ও মাতলামি করার অভিযোগে গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক