বরিশালের গৌরনদীতে টিকটক করতে নিষেধ করায় মায়ের ওপর অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামে এক মাদরাসাছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল খানম জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, পড়ালেখা বাদ দিয়ে টিকটক করায় শনিবার বিকেলে জান্নাতকে শাসন করেন তার মা। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে আত্মহত্যা করে সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মো. আলাউদ্দিন আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি :