সারাদিনের ক্লান্তি দূর করতে কিংবা কাজের ফাঁকে চাঙা থাকতে অনেকেই এনার্জি ড্রিংকের ওপর নির্ভর করেন। বিশেষ করে তরুণদের মধ্যে এসব পানীয়ের জনপ্রিয়তা বাড়ছে। তবে সাময়িক শক্তি জোগানো এসব পানীয় অতিরিক্ত গ্রহণে হৃদযন্ত্রের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এনার্জি ড্রিংক ও উদ্দীপক উপাদানযুক্ত সম্পূরক গ্রহণের সঙ্গে হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যাওয়া, হৃদ্রোগে আক্রান্ত হওয়া এবং অনিয়মিত হৃদস্পন্দনের অভিযোগের সম্পর্ক রয়েছে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যা বিভাগের গবেষকদের পরিচালিত এ গবেষণায় ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনে (এফডিএ) জমা পড়া ২৮ হাজার ৩৪৫টি অভিযোগ বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ৮৫৪টি অভিযোগ ছিল ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক ও উদ্দীপক সম্পূরক পণ্য নিয়ে।
গবেষণায় দেখা গেছে, উদ্দীপক উপাদানবিহীন পণ্যের তুলনায় এনার্জি ড্রিংক ও উদ্দীপক সম্পূরক গ্রহণের পর হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ প্রায় ১১ গুণ বেশি। একইভাবে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ সাড়ে চার গুণ এবং হৃদস্পন্দনের অস্বাভাবিকতা ও বুক ধড়ফড়ের অভিযোগ প্রায় চার গুণ বেশি পাওয়া গেছে।
হৃদযন্ত্রের সমস্যা-সংক্রান্ত অভিযোগগুলোর প্রায় ৪৫ শতাংশই ছিল ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের। গবেষণার প্রধান গবেষক সাই সামায়ামানথুলার মতে, এসব পানীয় সাধারণ কোমল পানীয়ের মতো বাজারজাত হওয়ায় অনেকেই এগুলোকে ঝুঁকিমুক্ত মনে করেন। অথচ নিয়মিত সেবনে শরীরে অতিরিক্ত ক্যাফেইন প্রবেশ করে হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা বাড়তে পারে।
কেন বাড়ছে হৃদযন্ত্রের ঝুঁকি?
এনার্জি ড্রিংকে থাকা ক্যাফেইন হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়াতে পারে। পাশাপাশি গুয়ারানা, টরিন, ইয়েরবা মাতে ও থিওব্রোমিনের মতো উদ্দীপক উপাদান ক্যাফেইনের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে।
চিকিৎসকদের মতে, অতিরিক্ত উদ্দীপক উপাদান গ্রহণে হৃদযন্ত্রের স্বাভাবিক বৈদ্যুতিক কার্যক্রম ব্যাহত হতে পারে। ফলে হৃদস্পন্দন অনিয়মিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে উচ্চ রক্তচাপ, হৃদরোগ কিংবা আগে থেকে অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা রয়েছে, এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি।
দিনে কতটুকু ক্যাফেইন নিরাপদ?
গবেষকদের তথ্য অনুযায়ী, অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন গ্রহণ সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়। তবে একটি এনার্জি ড্রিংকের কৌটায় ৮০ থেকে ৩০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে।
এর সঙ্গে চা, কফি কিংবা শরীরচর্চার আগে গ্রহণ করা সম্পূরক পণ্য যুক্ত হলে অজান্তেই দৈনিক ক্যাফেইনের পরিমাণ নিরাপদ সীমা ছাড়িয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন কিংবা পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে এ ধরনের পানীয় গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অতিরিক্ত শরীরচর্চার সময় কিংবা মদ্যপানের সঙ্গে এনার্জি ড্রিংক গ্রহণও ঝুঁকি বাড়াতে পারে।
যেসব লক্ষণে সতর্ক হবেন
অতিরিক্ত ক্যাফেইন ও উদ্দীপক উপাদান গ্রহণের ফলে বুক ধড়ফড়, বুকে ব্যথা বা অস্বস্তি, মাথা ঝিমঝিম করা এবং হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। বুকে ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, হৃদযন্ত্র সুস্থ রাখতে প্রতিদিন চা, কফি, এনার্জি ড্রিংক এবং বিভিন্ন সম্পূরক পণ্যের মাধ্যমে কতটুকু ক্যাফেইন শরীরে প্রবেশ করছে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি। পণ্যের মোড়কে থাকা উপাদানের তালিকাও ভালোভাবে পরীক্ষা করতে হবে। বিশেষ করে গুয়ারানা ও সিনেফ্রিনের মতো উদ্দীপক উপাদানের উপস্থিতি খেয়াল রাখা প্রয়োজন।
তবে গবেষকেরা জানিয়েছেন, এটি প্রাথমিক পর্যায়ের গবেষণা। স্বেচ্ছায় জমা দেওয়া অভিযোগের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়ায় এনার্জি ড্রিংক সরাসরি হৃদরোগের কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এসব পানীয় গ্রহণ করেও যাঁরা কোনো সমস্যায় পড়েননি, তাঁদের তথ্যও গবেষণায় অন্তর্ভুক্ত ছিল না।
তাই প্রকৃত ঝুঁকি নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন। তবে সাময়িকভাবে চাঙা হওয়ার জন্য নিয়মিত অতিরিক্ত এনার্জি ড্রিংক গ্রহণের অভ্যাস যে হৃদযন্ত্রের জন্য উদ্বেগের কারণ হতে পারে, সে বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য ডেস্ক: