রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ফসলের মাঠে ধানখেতের আইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, সেচপাম্পের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কচুয়া গ্রামের বটতলা নামক স্থানের একটি ডিপের পাশে ধানখেতের আইলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তার মৃত্যু হতে পারে। শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছেন।
এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
আলিফ হোসেন