ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা ও এগিয়ে নিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আজ শনিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাম্প্রতিক আন্দোলন পর্যন্ত এ দেশের মুক্তিকামী মানুষ সবসময় রাজপথে ঐক্যবদ্ধ ছিল। অতীতে দেশের সম্পদ লুণ্ঠন ও বিদেশে পাচার করে দেশকে যে চরম অর্থনৈতিক সংকটে ফেলা হয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ধৈর্য ও সততার সঙ্গে মূল শত্রুকে মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে, হিলি যুদ্ধের প্রেক্ষাপট এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ের অনন্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী।
এছাড়া ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশের কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি এ দেশের কৃষকদের অনুপ্রেরণা জুগিয়েছেন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যাংক সুবিধার পাশাপাশি তৈরি পোশাক শিল্পে ‘ব্যাক-টু-ব্যাক’ ব্যবস্থা চালুর মাধ্যমে অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। সৌদি আরবের আরাফাতের ময়দানে বাংলাদেশের পক্ষ থেকে নিমগাছ (যা ‘জিয়া ট্রি’ নামে পরিচিত) রোপণসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের আত্মমর্যাদা প্রতিষ্ঠার কথাও সভায় তুলে ধরেন। এছাড়াও শহীদ জিয়ার সাধারণ জীবনযাপন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের আইনশৃঙ্খলা উন্নয়নে যে ভিত্তি তৈরি হয়েছিল, তা আজ প্রশংসনীয় পর্যায়ে পৌঁছেছে। রাজশাহী এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা মধ্যম সারির নগরী এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে উঠেছে, যা নগরবাসীর সম্মিলিত অবদানেরই ফসল।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও এই ইতিবাচক ধারা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজশাহীকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, পুলিশ সুপার মো. মামুন অর রশীদ, রাজশাহী মুক্তিযুদ্ধ সংসদের জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খোকা বিশেষ অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে একই স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী।
মোঃ মাসুদ রানা রাব্বানী :