ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৫:৫৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৫:৫৯:৫০ অপরাহ্ন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা। নিরাপদ আশ্রয়ের জায়গা সংকুচিত হয়ে আসায় পরিবারগুলোকে বারবার তাঁবু সরিয়ে অন্যত্র যেতে হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় মানুষের অনিশ্চয়তা ও আতঙ্ক কাটছে না।

গাজার শুজাইয়া এলাকায় ৩৫ বছর বয়সী মাহমুদ হারজিন এবার ষষ্ঠবারের মতো তাঁবু সরানোর প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েলের নির্ধারিত হলুদ রঙের কংক্রিটের ব্লক থেকে প্রায় ২০০ মিটার দূরে তাঁবু গেড়েছেন তিনি। রেখাটি যত সামনে এগিয়ে আসে, বিপদ এড়াতে পরিবার নিয়ে তত পেছনে সরে যান মাহমুদ।

আল জাজিরাকে তিনি বলেন, ‘প্রতিবার তারা একটু সামনে এগোয়, আমরাও একটু পেছনে সরে যাই।’

২০২৫ সালের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজার ভূখণ্ডকে ইসরায়েলি ও ফিলিস্তিনি নিয়ন্ত্রিত এলাকায় ভাগ করতে ‘হলুদ রেখা’ নির্ধারণ করা হয়। চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর ওই রেখার পেছনে সরে যাওয়ার কথা ছিল। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, রেখাটি ক্রমে গাজার আরও ভেতরে এগিয়ে নেওয়ায় এখন ভূখণ্ডটির প্রায় ৬৫ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এক বছর আগে নির্ধারিত চুক্তিতে এ হার ছিল ৫৩ শতাংশ।

গত রোববার (১১ অক্টোবর) গাজার পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকায় হলুদ রঙের কংক্রিটের ব্লকগুলো কয়েক মিটার পশ্চিম দিকে সরিয়ে নেয় ইসরায়েলি বাহিনী। এতে এলাকাটির আরও বেশি অংশ ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে চলে যায়। আবারও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন ফিলিস্তিনি পরিবারগুলো।

১০ সদস্যের পরিবারের ভরণপোষণ করেন মাহমুদ। গত এক বছর ধরে পরিবার নিয়ে কোথায় নিরাপদে থাকা যায়, সেই খোঁজেই কাটছে তার সময়। জেইতুন, সাহাত আল-শাওয়া ও আল-মুনতাজাসহ বিভিন্ন এলাকায় তাঁবু সরিয়ে থাকতে হয়েছে তাকে।

সর্বশেষ এক জায়গায় তাঁবু গেড়ে মাত্র এক রাত ঘুমাতে পেরেছিলেন মাহমুদ। পরদিন সকালে রেখা আবার সামনে এগিয়ে আসায় বিছানাপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে হয়।

তার ভাষ্য, শুধু কংক্রিটের ব্লক সরানোর সময়ই নয়, আশপাশে ড্রোন, হেলিকপ্টার, গোলাবর্ষণ ও এলোপাতাড়ি গুলির কারণে সব সময় আতঙ্কে থাকতে হয়। গোলার টুকরোও আশ্রয় নেওয়া মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাতে রেখা এগিয়ে নেওয়ার সময় ট্যাংক, সেনাসদস্য ও ভারী গোলাবর্ষণের শব্দে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

যুদ্ধবিরতি সত্ত্বেও গত এক বছরে ইসরায়েলি হামলায় প্রায় ১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গাজার অধিকাংশ মানুষ যুদ্ধ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপদ এলাকায় তাঁবু খাটানোর মতো জায়গা কমে গেছে। অন্যদিকে, বাড়িভাড়া বেড়ে যাওয়ায় মাহমুদের মতো অনেক পরিবারের পক্ষে নতুন আশ্রয় নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

রাতে পালানো, সকালে ফিরে আসা

শুজাইয়ার বাসিন্দা ৩২ বছর বয়সী আসমা আলীর জীবনেও একই অনিশ্চয়তা। তিন সন্তানের এই মা জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে তাদের পরিবার সাত থেকে আটবার বাস্তুচ্যুত হয়েছে।

গাজার কেন্দ্রীয় এলাকায় কিছুদিন থাকার পর তারা শুজাইয়ার আল-মান্তার এলাকায় ফিরে বসবাসের চেষ্টা করেন। কিন্তু এক মাস পর আবার গোলাবর্ষণ শুরু হলে নিরাপত্তার আশঙ্কায় সেখান থেকেও সরে যেতে হয়।

প্রথমে একটি বিদ্যালয়ে আশ্রয় নেন তারা। পরে একটি বাসস্টপের কাছে বাড়িতে ওঠেন। কিন্তু এক রাতে তীব্র গোলাবর্ষণের পর ভোরে সেখান থেকেও চলে যেতে হয়। শেষ পর্যন্ত গাজার কেন্দ্রীয় এলাকায় স্বজনদের কাছে আশ্রয় নেন তারা।

আসমা বলেন, ‘প্রতিদিন রাতে পালাতে হতো, সকালে আবার ফিরে আসতাম। রাতটা কোথায় কাটানো যায়, সেই চেষ্টা করতে হতো; সকালে আবার ফিরে আসতাম।’

তার কথায়, হলুদ রেখা এগিয়ে আসার রাতগুলো সবচেয়ে ভয়ংকর। রাতের শুরু থেকে ভোর পর্যন্ত গুলির শব্দ চলতে থাকে। সব সময় মনে হয়, যেকোনো মুহূর্তে আবার পালাতে হতে পারে।

বাসস্থান ধ্বংস হয়ে যাওয়ায় আসমার পরিবারের স্বর্ণালংকার, ঘরের জিনিসপত্র ও সন্তানদের পোশাকসহ প্রয়োজনীয় অনেক কিছু হারিয়ে গেছে। হারানো জিনিসের মধ্যে প্রতিবন্ধী ছেলের জন্য কেনা একটি বিশেষ সহায়ক বন্ধনীও ছিল। মাত্র দুই দিন আগে সেটি পেয়েছিলেন তিনি।

আসমা বলেন, ‘চোখের পলকেই সব হারিয়ে গেল।’

পরিবারের জন্য নিরাপদ আশ্রয় খুঁজছেন তিনি। কিন্তু তাদের সামর্থ্যের মধ্যে থাকার জায়গা পাওয়া যাচ্ছে না। দক্ষিণ গাজার দিকে চলে যাওয়াও সহজ নয়। সেখানে যাওয়ার যানবাহন পাওয়া কঠিন, আর পৌঁছানোর পর নিরাপদ জায়গা মিলবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

আসমার চাওয়া খুব সাধারণ—সন্তানদের নিয়ে এমন একটি নিরাপদ জায়গা, যেখানে বারবার পালাতে হবে না। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন একটি নিরাপদ জায়গা, যেখানে সন্তানদের নিয়ে থাকতে পারব, বিশ্রাম নিতে পারব এবং নিশ্চিন্তে বসবাস করতে পারব।’

সূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়