দুস্থ, অসহায় ও অসচ্ছল সাংবাদিক এবং তাদের মেধাবী সন্তানদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে সাংবাদিক কল্যাণ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, অসচ্ছল সাংবাদিক ও তাঁদের মেধাবী সন্তানদের সহায়তা ও অনুদান দিতে সরকার কাজ করছে। সরকারি সহায়তার তথ্য যাতে প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের কাছেও পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় কমিটির সদস্যরা সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করেন। যাচাই শেষে যোগ্য আবেদনগুলো বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন, সরকারি সিটি কলেজের শিক্ষক মোঃ ওয়াহেদুল ইসলাম, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক মোঃ আহসান হাবীব, জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিন ও সহকারী পরিচালক আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় কর্মক্ষমতা হারানো, অসুস্থ, দায়িত্ব পালনকালে আহত সাংবাদিক এবং প্রয়াত বা অবসরপ্রাপ্ত অসচ্ছল সাংবাদিকের পরিবারকে সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তা, বৃত্তি বা এককালীন অনুদান দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :