ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে আদমদীঘি আমলি আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ট্রেনে ওঠেন। ট্রেনটি নাটোর এলাকায় পৌঁছালে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে জোরপূর্বক ট্রেনের ক্যান্টিনে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের কয়েকজন যাত্রী ক্যান্টিনের দিকে এগিয়ে যান। এ সময় তারা আবু বক্কর সিদ্দিককে আটক করে ওই নারীকে উদ্ধার করেন।
পরে মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় গিয়ে আবু বক্কর সিদ্দিক, দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি :