ফেনীতে মাদকবিরোধী অভিযানে ২১ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, চট্টগ্রাম জেলার বোয়ালখালী থেকে ঝিনাইদহের উদ্দেশে একটি কার্গো ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল একটি চক্র। এরই ভিত্তিতে গত ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন পশ্চিম রামপুর এলাকায় ফেনী জেলা পুলিশ অফিসার্স মেসের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসায়।
বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সন্দেহভাজন কার্গো ট্রাকটি চেকপোস্টের কাছে পৌঁছালে র্যাব সদস্যরা থামার সংকেত দেন। এ সময় ট্রাক থেকে দ্রুত নেমে পালানোর চেষ্টা করলে চালক মো. সিয়াম হোসেন (২৪) ও হেলপার সাব্বিরকে (১৯) আটক করা হয়। সিয়াম মাগুরা সদর থানার পশ্চিম রামনগর এলাকার মো. রাজ্জাক মোল্লার ছেলে এবং সাব্বির একই এলাকার মৃত করিমের ছেলে।
পরে কার্গো ট্রাকটির পেছনের অংশে তল্লাশি চালিয়ে তিনটি আলুভর্তি বস্তার ভেতর কালো পলিথিন ও স্বচ্ছ স্কচটেপে মোড়ানো অবস্থায় ৪৩টি গাঁজার রোল উদ্ধার করা হয়। এসব রোলে মোট ২১ দশমিক ৫ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।
এ ছাড়া তিনটি বস্তায় থাকা ১৫০ কেজি আলু এবং ১৩ হাজার কেজি কনফিডেন্স লবণও উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কার্গো ট্রাকটি জব্দ করেছে র্যাব।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক দুই মাদক কারবারি, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক