ফরিদপুরের সদরপুরে চলন্ত ইজিবাইকের ধাক্কায় ফারদিন (৭) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কারীরহাট-মধু মণ্ডলের ডাঙ্গী গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন মধু মণ্ডলের ডাঙ্গী (কারীরহাট) এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারীরহাট থেকে সদরপুরগামী একটি চলন্ত ইজিবাইক সড়কে ফারদিনকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্র ফারদিন নিহত হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি :