মহাকাশের উদ্দেশে যাত্রা শুরুর মাত্র ৮৫ সেকেন্ডের মধ্যেই মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে চীনের একটি রকেট। সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে ‘লংমার্চ-৭এ’ রকেটটি উৎক্ষেপণের পরপরই এ দুর্ঘটনা ঘটে।
চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রকেটটিতে ‘ঝোংজিং-৪বি’ নামে একটি যোগাযোগ উপগ্রহ ছিল। নির্দিষ্ট কক্ষপথে উপগ্রহটি স্থাপন করাই ছিল মিশনের মূল লক্ষ্য।
প্রাথমিক অনুসন্ধানে উড্ডয়নগত ত্রুটি বা যান্ত্রিক গোলযোগের কারণে রকেটটি বিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজএশিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, রাতের আকাশে হঠাৎ বিশাল একটি অগ্নিগোলকের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য ভিডিওতেও উৎক্ষেপণের প্রায় ৮৫ সেকেন্ড পর রকেটটিতে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।
সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং মহাকাশ কর্মসূচিকে প্রায়ই চীনের ‘মহাকাশ স্বপ্ন’ হিসেবে উল্লেখ করেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের জুলাইয়ে চীন প্রথমবারের মতো একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট সফলভাবে অবতরণ করাতে সক্ষম হয়। মহাকাশে উৎক্ষেপণের ব্যয় কমানোর ক্ষেত্রে ওই সাফল্যকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হয়।
চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানববাহী নভোযান পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাও ‘আর্টেমিস’ কর্মসূচির মাধ্যমে চাঁদে মানব অভিযানের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে প্রতিযোগিতা ক্রমেই জোরালো হচ্ছে।