রাজশাহী মহানগরীর চতুর্বেদী সার্বজনীন মন্দিরের নিজস্ব জমি ক্রয় উপলক্ষে কীর্তন ও আনন্দ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পবাপাড়া এলাকায় মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যেন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে যেতে পারি।
তিনি বলেন, ধর্ম যার যার, দেশ আমাদের সবার। প্রত্যেকে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে-এটাই আমাদের প্রত্যাশা। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
চতুর্বেদী সার্বজনীন মন্দির কমিটির সভাপতি রুহিনী মোহন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক প্রফেসর ডা. সুজিত কুমার ভদ্র।
এ সময় মন্দির কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার ও সুমন্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার (অপু), দপ্তর সম্পাদক মিশু কুমার কর্মকার, প্রচার সম্পাদক অমরিত ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব রায়সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহী, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, আক্তারুল হাসান অপুসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ধর্মীয় কীর্তন, প্রার্থনা এবং ভক্তদের অংশগ্রহণে আনন্দ মহোৎসবের আয়োজন সম্পন্ন হয়।
মোঃ মাসুদ রানা রাব্বানী :