চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম প্রকাশ ‘সিলেটি জসিম’কে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৪, ময়মনসিংহের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মো. জসিম (৩৯) চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম সরাফত আলী।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খুলশী থানার মামলা নং-০১(০৩)০৮, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারার মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি জসিম ময়মনসিংহের ভালুকা মডেল থানা এলাকায় অবস্থান করছেন।
ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্ত করার পর র্যাব-৭ ও র্যাব-১৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক