সাতক্ষীরার তালা উপজেলায় মাঠে ধান রোপণের সময় বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৭) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন আইচ ওই গ্রামের কানাইলাল আইচের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি তালা বাজারে গার্মেন্টসের কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজেদের জমিতে ধান রোপণের জন্য ৮-১০ জন কৃষিশ্রমিক নিয়ে বাড়ির পাশের বিলে যান চিত্তরঞ্জন। দুপুরের দিকে আকাশ মেঘলা হয়ে এলে ধান রোপণের কাজ চলছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তা সরাসরি চিত্তরঞ্জনের শরীরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পাশে থাকা অন্য কৃষকরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
গোপালপুর গ্রামের বাসিন্দা শ্যামল বিশ্বাস ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি :