জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন’ এবং জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্ব শাখা।
সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি রাজশাহী–নাটোর মহাসড়ক প্রদক্ষিণ করে পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকার ফরিদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি মো. আব্দুর রব। বক্তব্য দেন জেলা সেক্রেটারি মো. আব্দুল মমিন, জেলা দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, পুঠিয়া উপজেলা সভাপতি মো. নাজমুল হুদা এবং উপজেলা সেক্রেটারি মো. সাব্বির হোসেন।
বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরে সরকার আন্তরিক নয়। তারা জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট গণহত্যার অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ বিচার সম্পন্ন করার দাবি জানান।
এ সময় নেতারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন এবং গণহত্যার অভিযোগের বিচার নিশ্চিত করা হলে দেশে ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রতিনিধি :