বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী নিজাম উদ্দিন শান্ত‘র হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্যরা অংশ নেন। রোববার (২৬ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আইনজীবীরা বলেন, নিজাম উদ্দিন শান্ত একজন মেধাবী আইনজীবী ছিলেন। পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড আইনজীবীদের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। অতিদ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।
এদিকে শান্ত‘র হত্যাকারীরা গ্রেফতার হলে আসামিদের পক্ষে কোন আইনজীবীকে আদালতে আইনি সহায়তা না দেওয়ার জন্য বাগেরহাট আইনজীবী সমিতির সদস্যরা আহবান জানান।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় ছুরিকাঘাত করে আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার রাতে অজ্ঞাতনামা আসামি করে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন শান্ত‘র স্ত্রী স্বপ্না বেগম।
পুলিশ বলছে আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেস্ক