জামায়াত ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, দাঁড়িপাল্লায় ‘জান্নাতের টিকিট’ বিক্রির অভিযোগ—আবু সাইদ চাঁদ

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৭:১৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৭:১৪:৫৪ অপরাহ্ন

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী ধর্মের নামে মিথ্যাচার ছড়িয়ে ভোট আদায়ের চেষ্টা করছে এবং নারী কর্মীদের মাঠে নামিয়েছে। তিনি বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে—এমন বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলছে।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাঘা পৌর এলাকায় ধানের শীষের পক্ষে দিনব্যাপী একাধিক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

আবু সাইদ চাঁদ বলেন, জামায়াতের নারী কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে ধর্মের নামে নানা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। কোনো কোনো এলাকায় জামায়াত নেতারা জান্নাতের টিকিটের কথা বলে ভোট চাইছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি ভোটারদের এসব কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “যারা একাত্তরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এই দেশের বিরোধিতা করেছে এবং মা-বোনদের ইজ্জতহানিতে জড়িত ছিল, তারাই আজ দেশ শাসনের স্বপ্ন দেখছে। ইতিহাস ভুলে গেলে চলবে না।”

বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ পাকিস্তানিদের কাছে বিক্রি হয়ে যাবে। সে লক্ষ্যেই তারা একাধিক দলকে সঙ্গে নিয়ে জোট গড়েছে বলে দাবি করেন তিনি। দেশ রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান চাঁদ।

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, দলের পক্ষে কাজ করতে গিয়ে বহুবার কারাবরণ করেছেন তিনি। কারাগারে থাকাকালে স্ত্রী ও মাকে হারালেও দল থেকে সরে যাননি বলে দাবি করেন।

এ সময় সভায় বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার শামসুজ্জোহা, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুদৌলা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]