গোদাগাড়ীতে ডা:শফিকুর রহমানের আগমন সফল করতে জামায়াতের সংবাদ সম্মেলন

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৯:০৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৯:০৯:২৩ অপরাহ্ন
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার উপলক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের উদ্যোগে  আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জামায়াতের আমির ডা, শফিকুর রহমান।

এদিকে জামায়াত আমিরের আগমণ ও জনসভা সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা জামায়াত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে গোদাগাড়ী সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক এবং সম্পাদক গোলাম মোর্ত্তজা সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা এবং উপস্থিত রাজনৈতিক সহযোদ্ধা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভা কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জনগণের অধিকার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে একটি ঐতিহাসিক জনসমাবেশ।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলন দেশের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, অনিয়ম,ফ্যাসিবাদ ভোটাধিকার হরণ ও একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হিসেবে গড়ে ওঠে। ওই আন্দোলনে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, আলেম-ওলামা, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন, যা প্রমাণ করে জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এই সনদ একটি নৈতিক ও রাজনৈতিক অঙ্গীকার। এতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, নির্বাচন কমিশন ও প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখা এবং ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। পাশাপাশি রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

তিনি জানান, আসন্ন জনসভায় ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে (দাঁড়িপাল্লা) ভোট প্রার্থনার পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হবে।

সংবাদ সম্মেলনে তিনি রাজশাহী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংবাদ সম্মেলনের বার্তা সঠিক ও দায়িত্বশীলভাবে জনগণের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।

এ সময় ১১ দলীয় জোটের সকল শরিক দল, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং গণতন্ত্রকামী নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে আরো  উপস্থিত ছিলেন জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা জামায়াতের মিডিয়া সেল বিভাগের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন ও মাওলানা সিরাজুল ইসলামপ্রমুখ।

এছাড়াও  ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, এসবি, এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এদিকে ১১ দলীয় জোট নেতৃবৃন্দের প্রত্যাশা এটা হবে গোদাগাড়ীর ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]