যারা নারীদের হেয় করছে, তারাই আবার ষড়যন্ত্র করছে: তারেক রহমান

আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:০৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:০৫:২৯ অপরাহ্ন
যারা নারীদের হেয় করছে, তারাই আবার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।

জামায়াতকে উদ্দেশ করে তারেক রহমান আরও বলেন, তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করবে, তা একাত্তর সালে আমরা দেখেছিলাম। যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।
 
জামায়াতের দলেও নারী আছে উল্লেখ করে তিনি বলেন, তারা তো ঘর থেকে বের হচ্ছেন। তাহলে তাদের পরিচয় কী? এখন নারীদের চিন্তা করতে হবে, তাদের (জামায়াত) কীভাবে জবাব দেবে।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান এরপর বলেন, একটি মহল বলার চেষ্টা করছে, ভোট গণনায় সময় লাগবে। ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। যারা নারীদের হেয় করছে, মিথ্যা বলছে তারাই আবার ষড়যন্ত্র করছে। ছলচাতুরীর চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে। এই অধিকার রক্ষায় সতর্ক থাকতে হবে।

তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিলেন। একইভাবে চব্বিশ সালে দেশ রক্ষা করেছে ছাত্রজনতা। ১৬ বছর অনেক আন্দোলন করেছি। গুম-খুনের শিকার হয়েছে বিএনপি। ভোটের অধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি। জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনেও একই অবস্থা ছিল। এখন সময় এসেছে। ১২ তারিখে মানুষ তার অধিকার প্রয়োগ করবে। বিএনপি বিশ্বাস করে কথার ফুলঝুরি নয়, দেশকে সামনের দিকে নিতে হবে।

তিনি বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে বিবেচনা করা হবে। বিএনপির অতীতে রাষ্ট্র পরিচালনায় ছিলাম। আগামী দিনে সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশকে পুনর্গঠন করা। শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করলে গৃহিণীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, যাতে তাদের কারো মুখাপেক্ষী হতে না হয়। শিল্পনগরী মৃতনগরীতে পরিণত হয়েছে। বিএনপি সরকার গঠন করলে জীবিত শিল্প নগরী হিসেবে খুলনাকে গড়ে তুলবো। সেখানেও নারীদের কর্মসংস্থান তৈরি হবে। তরুণদের জন্য আইটি পার্ক গড়ে তুলবো। কৃষকদের কৃষি কার্ড দিতে চাই।
 
তিনি বলেন, দেশ পুনর্গঠনের প্রতীক ধানের শীষ। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার অভিজ্ঞতা বিএনপির আছে। একইসঙ্গে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করার অভিজ্ঞতা আছে বিএনপির।
 
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। এটি প্রমাণ করে, বিএনপি জনগণের জন্য কাজ করে। কাঙ্ক্ষিত বাংলাদেশের স্লোগান, ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনার। সঠিক পথে পরিচালনা করা বিএনপির পক্ষেই সম্ভব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]