জামায়াত আমিরের আপত্তিকর ‘এক্স’ পোস্ট ঘিরে ঢাবিতে ছাত্রদলের মিছিল

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৭:৩৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৭:৩৯:৩৫ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে এই পোস্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের জন্য জামায়াত আমিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে মিছিল শেষ হয়।

মিছিলে ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ প্রভৃতি স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা।

মিছিলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ আমানউল্লাহ আমান, নাহিদুজ্জামান শিপন এবং কেন্দ্রীয় ও ঢাবি কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমাদের এই প্রতিবাদের বক্তব্য হলো, তাকে (জামায়াত আমির) অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আমরা আবারও বৃহত্তর কোনও কর্মসূচি দিতে বাধ্য হবো।’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে এই বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে, এটি শুধু নারীসমাজ নয়, এই দেশের সবকিছুর জন্য হুমকিস্বরূপ।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অনেকে বলেন, তার আইডি নাকি হ্যাক হয়েছে, আমরা বলছি, তার মাথা আসলে হ্যাক হয়েছে এবং তার মুখোশ নিজেই উন্মোচন করেছে।

এর আগে, জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য আসে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে। ওই পোস্টে লেখা ছিল, “আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।”

বিষয়টি নিয়ে চরম বিতর্ক চলা অবস্থায় শনিবার (৩১ জানুয়ারি) রাতে নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

জামায়াত আমির জানান, আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]