আগামী ১৬ মার্চে অস্কারে যাচ্ছেন বাংলাদেশি সাংবাদিক আল কাছির

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৮:৪২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৮:৪২:৫১ অপরাহ্ন

চলচ্চিত্রশিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ ও আলোচিত পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড-অস্কারের ৯৮তম আসরের মনোনয়ন তালিকা গত ২২ জানুয়ারি ঘোষণা করা হয়েছে। এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ঘোষণায় সর্বাধিক ১৬টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে ‘সিনার্স’ সিনেমা

দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনীত হয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ৯টি করে মনোনয়ন পেয়েছে ‘মার্টি সুপ্রিম’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। আর ‘হ্যামনেট’ মনোনীত হয়েছে ৮টি বিভাগে।

আগামী ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস উৎসবের চূড়ান্ত আসর। সেই আসরে বিশ্ব সিনেমার রথী-মহারথীরা হাজির থাকবেন। সেই সঙ্গে হাজির থাকবেন বিশ্বের নানা দেশের সাংবাদিকরাও। 

এবার অস্কারে বাংলাদেশ থেকে হাজির হচ্ছেন সাংবাদিক আল কাছির। ইতোমধ্যে অস্কার অ্যাক্রেডিটেশন বিভাগ থেকে তার আমন্ত্রণপত্র নিশ্চিত করা হয়েছে। অস্কারের মতো বড় উৎসবের আমন্ত্রণপত্র পেয়ে দারুণ ভালোলাগা কাজ করছে এ সাংবাদিকের। আর সেটি যদি হয় প্রথমবারের মতো, তাহলে তো আর কোথাই নেই। 

আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়ে আল কাছির বলেন, সিনেমাবিষয়ক আন্তর্জাতিক বড় বড় সব চলচ্চিত্র উৎসবের কাভার করার অভিজ্ঞতা আমার রয়েছে। তিনি বলেন, যখন জেনেছি আমার আগে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক সরাসরি অস্কার কাভার করেনি, তখন আসলেই নিজেই আপ্লুত হয়ে গেছি। বিষয়টি ইতিহাস গড়ার মতো। এটি আমার জন্য গর্বেরও বিষয়। সেখানে হাজির  হয়ে বিশ্ব সিনেমা নিয়ে আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন আল কাছির।

উল্লেখ্য, বর্তমানে স্টার নিউজে সিনিয়র করসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন আল কাছির। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক। 

এর আগে ২০২২ সালে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব কাভারের পর আমন্ত্রিত সাংবাদিক হিসেবে ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কাভার করেছেন সাংবাদিক আল কাছির। এরপর সাংহাই চলচ্চিত্র উৎসব ও সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও কাভার করেছেন আল কাছির

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]