বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিএসসিআরএসের যাত্রা শুরু

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১২:১৪:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১২:১৪:০৮ পূর্বাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা, নীতিবিশ্লেষণ ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে যাত্রা শুরু করেছে পলিটিক্যাল সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ সোসাইটি (পিএসসিআরএস)।

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘পিএসসিআরএস উদ্বোধনী অনুষ্ঠান ও গবেষণা প্রতিযোগিতা ২০২৬’-এর মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণা, বিশ্লেষণ, যোগাযোগ, প্রযুক্তির ব্যবহার ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতাও অর্জন করতে হবে। পিএসসিআরএস শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা, পেশাগত প্রস্তুতি ও নেতৃত্ব বিকাশে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে চারটি বিভাগে গবেষণা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল হাতে তৈরি গবেষণা পোস্টার, ডিজিটাল পোস্টার ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পলিসি ব্রিফ এবং রিসার্চ কোয়েশ্চেন ওয়াল। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সমসাময়িক সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও জননীতিসংক্রান্ত সমস্যা নিয়ে গবেষণাভাবনা, প্রমাণভিত্তিক নীতিসমাধান এবং গবেষণাযোগ্য প্রশ্ন উপস্থাপন করেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সমন্বয়ে গঠিত বিচারক ও আলোচক প্যানেল প্রতিযোগীদের গবেষণা সমস্যা, পদ্ধতি, মৌলিকত্ব, বাস্তবসম্ভাব্যতা এবং সামাজিক ও নীতিগত অবদান মূল্যায়ন করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের গঠনমূলক পরামর্শ দেওয়া হয়।

প্রতিযোগিতায় গবেষণা ধারণা উপস্থাপন বিভাগে টিম রিমার্কেবল-এর মো. রাফিদুল ইসলাম চ্যাম্পিয়ন এবং কাশফিয়া জামান ও আমিনা আক্তার উলকা রানারআপ হন। পলিসি ব্রিফ বিভাগে সুমাইয়া আক্তার শিমু চ্যাম্পিয়ন ও মহসিরাত হোসাইন মিলি রানারআপ হন। সেরা গবেষণা প্রশ্নের জন্য নুরী আক্তার পুষ্পকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের ক্রেস্ট ও সনদ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের গবেষণা অনুশীলন, প্রকাশনার সুযোগ, পেশাগত দিকনির্দেশনা ও নেতৃত্বমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে একটি টেকসই ও অংশগ্রহণমূলক একাডেমিক পরিবেশ গড়ে তোলাই সংগঠনটির লক্ষ্য। ভবিষ্যতে গবেষণা ও ক্যারিয়ারবিষয়ক স্বল্পমেয়াদি কোর্স, রিসার্চ ক্যাফে, পলিসি ডায়ালগ, ক্যারিয়ার সেশন, গবেষণা প্রদর্শনী, অ্যালামনাই নেটওয়ার্কিং ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের আয়োজন করা হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল লেখা প্রকাশের জন্য বিভাগীয় বুলেটিন ‘দ্য পালস অব পিএসসিআরএস’ নিয়মিত প্রকাশ এবং ২০২৭ সালে ‘রিসার্চ অলিম্পিয়াড’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, কর্মকর্তা, প্রতিযোগী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com