সিংড়ায় সাশ্রয়ী চুলা আবিষ্কার, গ্যাস-বিদ্যুৎ ছাড়াই রান্না!

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১১:৫৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১১:৫৪:৩৩ অপরাহ্ন
জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ ও গ্যাস ছাড়াই রান্নার বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন নাটোরের সিংড়ার তরুণ উদ্যোক্তা ও খুদে বিজ্ঞানী আনোয়ার হোসেন। পরিত্যক্ত পোড়া মবিল ব্যবহার করে তিনি তৈরি করেছেন ব্যতিক্রমী এক রান্নার চুলা। তাঁর দাবি, মাত্র এক লিটার ব্যবহৃত মবিল দিয়ে একটি ছোট পরিবারের পাঁচ থেকে সাত দিন রান্নার কাজ চালানো সম্ভব।

চুলাটির নাম দিয়েছেন ‘সাশ্রয়ী চুলা’। এর দাম নির্ধারণ করেছেন মাত্র ৩ হাজার টাকা। স্বল্প খরচে তৈরি এই চুলা নিয়ে ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। চুলাটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

আনোয়ার হোসেনের বাড়ি সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে। বিয়াশ চারমাথা মোড়ে তাঁর নিজস্ব ওয়ার্কশপে তৈরি হচ্ছে এই চুলা।

আনোয়ার হোসেন জানান, বর্তমান সময়ে জ্বালানি সংকট, বিদ্যুতের অনিয়মিত সরবরাহ এবং গ্যাসের বাড়তি দামের কারণে সাধারণ মানুষকে রান্নার কাজে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এসব বিষয় চিন্তা করেই স্বল্প খরচে বিদ্যুৎ ও গ্যাসের বিকল্প হিসেবে একটি চুলা তৈরির পরিকল্পনা করেন তিনি। সেই ভাবনা থেকেই পোড়া বা ব্যবহৃত মবিল ব্যবহার করে এই চুলা তৈরি করেছেন।

তিনি বলেন, ‘এক লিটার পোড়া বা ব্যবহৃত মবিল দিয়ে একটি ছোট পরিবারের পাঁচ থেকে সাত দিন রান্নার কাজ চালানো যাবে। বর্তমানে এক লিটার ব্যবহৃত মবিলের দাম প্রায় ৮০ টাকা। ফলে এটি ব্যবহার করতে পারলে রান্নার জ্বালানি খরচ অনেকটাই কমানো সম্ভব।

নিজের তৈরি চুলা বিক্রির বিষয়ে আনোয়ার বলেন, ‘এ পর্যন্ত ১৫টি চুলা তৈরি করেছি। প্রতিটি চুলার দাম রেখেছি ৩ হাজার টাকা। ইতোমধ্যে প্রায় সবগুলোই বিক্রি হয়েছে। মানুষের আগ্রহ ও চাহিদা বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন অর্ডার পাচ্ছি।

স্থানীয়ভাবে উদ্ভাবিত এই সাশ্রয়ী চুলা ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে। তবে পোড়া মবিল ব্যবহারের কারণে এর ধোঁয়া, বায়ুদূষণ, স্বাস্থ্যঝুঁকি ও অগ্নিনিরাপত্তার বিষয়গুলোও যথাযথভাবে পরীক্ষা করা জরুরি। বিশেষজ্ঞদের মাধ্যমে কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করা গেলে উদ্ভাবনটি আরও গ্রহণযোগ্যতা পেতে পারে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com