রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১১:০৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১১:০৪:৩৯ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ: প্রেক্ষিত ৭ নভেম্বর’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবির সভাপতি অধ্যাপক ড. মোঃ গোলাম ছাদিকের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

আলোচনায় তিনি উত্তরাঞ্চলে শিক্ষার প্রসার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজের সম্পৃক্ততা এবং ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। এ সময় স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রসঙ্গও আলোচনায় উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন গণ-আন্দোলন ও ঐতিহাসিক ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ৭ নভেম্বর জাতীয়তাবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন। সিপাহি-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পাঠ্যবই থেকে বাদ পড়া ইতিহাস পুনরায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থায় যে অবক্ষয় হয়েছে, তা কাটিয়ে উঠতে কাজ করতে হবে। ইউজিসির সদস্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করেছিল। কৃষি, শিল্প ও তৈরি পোশাক খাতের অগ্রগতির ভিত্তি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে উঠেছিল বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com