চট্টগ্রামে নারীর পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার! আটক ২

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:২৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:২৯:০৮ অপরাহ্ন
চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ নারী-সহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭।

এ সময় নারীর পেটের ভেতরে ও মোটরসাইকেলের সিটের কভারের ভেতরে থেকে লুকিয়ে রাখা অবস্থায় ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার সহ ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ও রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সোয়া ৬টার দিকে পটিয়া থানার জুলুর দিঘীর পাড় এলাকায় এসএম কমিউনিটি সেন্টারের সামনে চেকপোস্ট বসায় আভিযানিক দল। এ সময় নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশির সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন কক্সবাজারের মহেশখালীর সালমা বেগম (৫০) ও বান্দরবানের আলীকদমের মোঃ তারেক (২৭)।

জিজ্ঞাসাবাদে তারেক জানায়, সালমা বেগমের পেটে ইয়াবা রয়েছে। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় ওই নারীর পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি পাওয়া যায়। পরে স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁর শরীর থেকে ৩৮টি প্যাকেটে মোড়ানো ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজার এলাকায় আরেকটি চেকপোস্ট স্থাপন করে এসআরবি-৭। এ সময় কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেলের চালক চেকপোস্টের কাছে পৌঁছে থামার পরিবর্তে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলের সিটের কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আটক দুজন, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com