​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:১০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:১০:১৪ অপরাহ্ন
জমিসংক্রান্ত জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, কোনো কৃষক বা সাধারণ মানুষ যেন ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন। ভূমি অফিসে সেবা নিতে এসে কাউকে হয়রানির শিকার হতে দেওয়া যাবে না।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি দীর্ঘদিনের জটিলতা কমবে। এ লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সম্প্রতি প্রায় ৫৫৭ জন কানুনগো স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

সভায় ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে জানান, দেশের ৬৪ জেলায় প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ভুল তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের মাধ্যমে ভূমির মালিকানা সুরক্ষা এবং জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সহায়তা মিলবে।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকার।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com