দ্রুত পদ্মা ব্যারেজ বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলের বিশেষজ্ঞদের

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৮:৫৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৮:৫৯:১৬ অপরাহ্ন
পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন উত্তরাঞ্চলের নদী গবেষক, কৃষিবিদ, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, পরিবেশ সংরক্ষণ, নদীর নাব্যতা বৃদ্ধি এবং খরা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক ও পরিবেশগত সুরক্ষায় এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

মূল প্রবন্ধে বলা হয়, পদ্মা ব্যারেজ নির্মিত হলে পদ্মার পানির প্রবাহ ও নাব্যতা বাড়ানোর পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা সহজ হবে। বর্ষার পানি সংরক্ষণ করে তা শুষ্ক মৌসুমে ব্যবহার করা গেলে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে সহায়তা করবে। এতে গড়াই, বড়াল ও মধুমতীসহ পদ্মার শাখা নদীগুলোর প্রবাহ ফিরিয়ে আনারও সুযোগ তৈরি হবে।

প্রবন্ধে সমীক্ষার তথ্য তুলে ধরে বলা হয়, পদ্মা ব্যারেজ চালু হলে জাতীয় জিডিপিতে সরাসরি ০.৪৫ শতাংশ অবদান রাখার পাশাপাশি প্রতিবছর প্রায় আট হাজার কোটি টাকার আর্থিক সুবিধা পাওয়া সম্ভব। এ ছাড়া উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের আওতায় গোদাগাড়ীতে ইনটেক স্ট্রাকচার ও কেন্দ্রীয় পাম্প স্টেশন স্থাপনের মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর খরাপ্রবণ এলাকার কৃষিজমি সেচের আওতায় আনা যাবে।

সেমিনারে বক্তারা পদ্মা ব্যারেজ প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা, প্রথম পর্যায়ের কাজ শুরুর পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা গ্রহণ এবং উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে বরেন্দ্র অঞ্চলের পুকুর, জলাশয় ও দিঘি সংরক্ষণ এবং প্রয়োজনে অধিগ্রহণ করে জনসাধারণের ব্যবহারের জন্য উম্মুক্ত করার আহ্বান জানান তাঁরা।

আলোচনায় অংশ নেন বাপাউবোর অবসরপ্রাপ্ত মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। 

বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে দখল ও দূষণে বিপর্যস্ত বড়াল, বারনই ও হোজাসহ অন্যান্য নদী পুনরুজ্জীবনে সমন্বিত ও টেকসই উদ্যোগ নিতে হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com