হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৫:২২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৫:২২:১৬ অপরাহ্ন
হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কমিয়ে দেওয়া হয়েছে আসন্ন হজের বিমানভাড়া। পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছায় দেশের মসজিদগুলোতে দায়িত্ব পালনকারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার।

বক্তব্যে মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

মধুপুর মাদরাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী অনুষ্ঠান পরিচালনা করেন।

মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com