ফেনীতে দুই প্রাইভেটকার থেকে ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ৫

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১১:৪১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১১:৪১:২৩ অপরাহ্ন
ফেনীতে দুটি প্রাইভেটকার থেকে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ফেনী সদর থানার মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং স্টেশনের বিপরীতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন মোঃ তারেক (২১), নাজমুল হক (২৫), আবুল হাশেম (২০), মোঃ ইউসুফ (২০) ও মোঃ ইমন-হাসান (২০)। তাদের সবার বাড়ি কক্সবাজারের উখিয়া এলাকায় বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথম প্রাইভেটকার থেকে তারেক ও নাজমুল হককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পেছনে আসা অপর একটি প্রাইভেটকারে ইয়াবা থাকার তথ্য পাওয়া যায়। পরে দ্বিতীয় গাড়িটি তল্লাশি করে ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় লুকানো একটি কার্টনের ভেতর থেকে খাকি কাগজে মোড়ানো দুটি বান্ডিলে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে প্রাইভেটকারে বিভিন্ন জেলায় নিয়ে মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা দুটি প্রাইভেটকার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com