চমেক হাসপাতালে অভিযান, দালালচক্রের ২০ সদস্য আটক

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১১:৩৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১১:৩৪:৩২ অপরাহ্ন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় দালালচক্রের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চমেক হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের তৎপরতা বৃদ্ধির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ২০ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড প্রদান করেন।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত গ্রামের দরিদ্র, অসহায় ও সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ রোগী এবং তাদের স্বজনদের টার্গেট করতেন। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার অপ্রতুলতার কথা বলে ভুক্তভোগীদের মধ্যে ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিতেন তারা।

এসআরবি-৭ জানায়, সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে বা বিনামূল্যে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ দালালচক্রের প্রতারণার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি হাসপাতালগুলো দালালমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com