রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মো. সাব্বির হোসেন ওরফে সাব্বির সাধু (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর শিয়াল ডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বাসিন্দা। তিনি দিনের বেলায় তারাগঞ্জ উপজেলায় একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে তারাগঞ্জ থানার এসআই সামসুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত রাত্রিকালীন মোবাইল ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ছিল। রাত ১১টা ৫ মিনিটের দিকে বেলতলী মেডিকেল মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শিয়াল ডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে এক ব্যক্তি মাদক বিক্রি করছেন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাব্বিরকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাত ১১টা ৩০ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে বৈদ্যুতিক আলোর সাহায্যে এবং ডিজিটাল ওজন যন্ত্র দিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার ট্রাউজারের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো দুই পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ০.২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০০ টাকা, উদ্ধার করা হয়। এ ছাড়া বাঁ পকেট থেকে পুরোনো খবরের কাগজে মোড়ানো ১০ গ্রাম শুকনা গাঁজা, যার আনুমানিক মূল্য ২০০ টাকা, জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি মাদক বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজ ও আশপাশের এলাকায় রাতে মাদক কেনাবেচার তৎপরতা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ছিল। দিনের চাকরির আড়ালে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ প্রকাশ্যে আসায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন। তবে পুলিশের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দীন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা (মামলা নম্বর-১৩) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে জব্দকৃত মাদকসহ আদালতে সোপর্দ করা হয়েছে।