পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র একজন, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:২২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:২২:১৬ অপরাহ্ন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীর উপস্থিতি পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের এমন কম উপস্থিতি এবং শিক্ষকদের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজটি আকস্মিক পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় শ্রেণিকক্ষে একজন শিক্ষার্থীকে দেখে উপস্থিত শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান তিনি।

পরিদর্শনকালে এক নারী শিক্ষককে মন্ত্রী প্রশ্ন করেন, “স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?” জবাবে শিক্ষক জানান, “ক্লাসে একজন ছাত্রী আছে।” পরে তিনি বলেন, কলেজে মোট ১৫ জন শিক্ষার্থী রয়েছে।

শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে কি না, জানতে চাইলে ওই শিক্ষক বলেন, “না, আসে না। আজকে মাত্র একজন আসছে।”

এ সময় আরেক শিক্ষক জানান, শিক্ষার্থীদের অনেকে তখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। তিনি নিয়ম অনুযায়ী ক্লাসে প্রবেশ করেছেন বলেও উল্লেখ করেন।

পরে শিক্ষামন্ত্রী জানতে চান, ক্লাস কখন শুরু হয় এবং অন্য শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের দেখা যাচ্ছে না কেন। জবাবে শিক্ষক জানান, সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা বাইরে থাকতে পারে।

এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আসতে অনীহা রয়েছে। তাদের ক্লাসে আনতে ফোন করতে হয়। শিক্ষকদের এসব বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

পরিদর্শন শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন মন্ত্রী।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

মন্ত্রীর আকস্মিক এ পরিদর্শনকে ঘিরে স্থানীয় শিক্ষাঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com