নওগাঁর রাণীনগরে দিনের বেলায় শিক্ষকের বাসার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপার গহনা এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের জেঠাইল গ্রামে শিক্ষক সুলতান প্রামাণিকের বাসায়। সুলতান প্রামাণিক জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
শিক্ষক সুলতান প্রামাণিক জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে বাসায় তালা দিয়ে বিদ্যালয়ে চলে যান। পরে দুপুরে খাবারের জন্য বাসায় এসে দেখেন, ঘরের ভেতরে আলমারি ভাঙা এবং অন্যান্য আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।
তিনি জানান, চোরেরা বাসার দক্ষিণ পাশের বেলকুনির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর বাসার কক্ষের ভেতরে ঢুকে আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণের ও ৮ ভরি রুপার বিভিন্ন গহনা এবং নগদ সাড়ে ১২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
সুলতান প্রামাণিক আরও জানান, তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে বগুড়ায় থাকেন এবং তিনি গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনায় তিনি বুধবার রাতেই রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, শিক্ষকের বাসায় স্বর্ণালংকার, রুপার গহনা এবং নগদ টাকা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা চলছে।