ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১০:৫৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১০:৫৫:১৯ অপরাহ্ন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর মিঞাপাড়ার পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি এবং অবশিষ্ট জমি ও স্থাপনা সংরক্ষণের দাবি জানিয়েছেন চলচ্চিত্রকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কাছে এ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে পাঁচ দফা দাবি তুলে ধরেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

স্মারকলিপিতে বলা হয়, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা ও তিতাস একটি নদীর নাম-এর নির্মাতা ঋত্বিক ঘটকের শৈশব ও কৈশোর কেটেছে রাজশাহীর মিঞাপাড়ার পৈতৃক বাড়িতে। ফলে বাড়িটি দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৯ সালে বাড়িটির একটি অংশ ভাঙার উদ্যোগ নেওয়া হলে প্রতিবাদের মুখে তা বন্ধ হয়। ২০২১ সালে সংরক্ষণের জন্য প্রাক্কলন তৈরি হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটির অবশিষ্ট কক্ষগুলো ভেঙে ফেলা হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ উপেক্ষিত হয়েছে বলে দাবি করা হয়। সর্বশেষ গত ১৭ নভেম্বরও স্থাপনাটির একটি দেয়ালের উল্লেখযোগ্য অংশ ভাঙা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, বসতভিটা ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তি, অবশিষ্ট জমি ও স্থাপনা সংরক্ষণ, জমির ইজারা বাতিল, সীমানাপ্রাচীর নির্মাণ এবং সেখানে ঋত্বিক কমপ্লেক্স, চলচ্চিত্র কেন্দ্র ও ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা।

স্মারকলিপিতে স্বাক্ষরকারীরা বলেন, ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণ শুধু একজন চলচ্চিত্রকারের স্মৃতি রক্ষা নয়, বরং দেশের চলচ্চিত্র ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাস সংরক্ষণের অংশ। তাঁরা অবিলম্বে অবশিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

স্মারকলিপির অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজশাহী সিটি করপোরেশন, আরডিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com