গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৭:১৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৭:১৪:৪৩ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুরে সংখ্যালঘু পরিবারের জমি ফেরত না দিয়ে জবরদখল করার অভিযোগ উঠেছে বর্গাচাষী মন্তাজ প্রাং, এন্তাজ প্রাং ও তাদের অনুসারীদের বিরুদ্ধে। জমির মালিক মৃত তারেকশ্বর কুন্ডুর স্ত্রী-সন্তানরা ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দিলেও কর্ণপাত করেন না দখলদাররা।

অভিযোগে জানা যায়, উপজেলার হামলাইকোল মৌজায় আরএস ৮৮৬ নং দাগের সাড়ে ৮৮ শতক জমির মালিক ছিলেন মৃত তারেকশ্বর কুন্ডু। তাঁর মৃত্যুর পর স্ত্রী সবিতা কুন্ডু, তিন ছেলে তরিত কুন্ডু, আশুতোষ কুন্ডু ও সম্বুনাথ কুন্ডু ওই জমির স্বত্ত্বাধিকারী হন। সেখান থেকে ৪৯ শতক জমি স্থানীয় মকবুল হোসেনের কাছে বিক্রি করেন। ওই মৌজায় তাদের আরো জায়গা জমি রয়েছে। অধিকাংশ জমিই বর্গাচাষীরা জবরদখল করে আছেন।

তাদের ওই জমিজমা প্রায় ৪০ বছর ধরে বর্গা নিয়ে চাষাবাদ করছেন উত্তর নাড়িবাড়ি মহল্লার বাসিন্দা মরহুম হাদু প্রামাণিকের দুই ছেলে মন্তাজ প্রামাণিক ও এন্তাজ প্রামাণিক এবং মৃত আশু প্রামাণিকের ছেলে আজিত হোসেন ও বিল্লাল হোসেন।

সবিতা কুন্ডুর পরিবারের দাবি, অভিযুক্তরা বারো বছর যাবত বর্গাকৃত জমির ফসল বা টাকা দেন না। জমি ফেরত চাইলে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হয়। তিনি ও তার তিন সন্তান বুধবার বেলা ১১টায় গুরুদাসপুর বাজারস্থ বাড়ির সামনে সুবিচারের চেয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। এসময় স্থানীয় সাবেক কাউন্সিলর মুঞ্জুয়ারা খাতুন, কাঞ্চন কুন্ডু, লাবু সরদার, প্রতিমা কুন্ডুসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে ২০২৬ সালে ক্রয়সূত্রে ওই জমির মালিক হন মকবুল হোসেন। তিনি হামলাইকোল মৌজার আরএস ৮৮৬ দাগের সাড়ে ৪৯ শতক জমি সবিতা কুন্ডুর তিন ছেলের কাছ থেকে কিনে নেন। জমিটি মাপজোক করতে গেলে বাধা প্রদানসহ হুমকি ধামকির শিকার হচ্ছেন তিনিও। বিষয়টি নিষ্পত্তির জন্য ইউএনও অফিসে অভিযোগ দিলে অভিযুক্তরা শুধু সময়ক্ষেপন করছেন।

অভিযোগ অস্বীকার করে মন্তাজ প্রামাণিক বলেন, ১৯৬৯ ও ৭০ সালে আমি ৪৫ শতক ও আমার ভাই এন্তাজ কিনে ৩৩ শতক জমি। আজিত-বিল্লালরাও কিনে দখলে আছে। আমরা কারো জমি বর্গা নেইনি, দখলও করিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন-‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com