বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৫:৫৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৫:৫৬:৩৩ অপরাহ্ন
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে কৌতূহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে ফুলপুর বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না।

ঘোষণায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এমন ব্যতিক্রমী ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ বাজারের শৃঙ্খলা রক্ষায় উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকে প্রশ্ন তুলেছেন, কোনো স্থানীয় কমিটির জরিমানা বা কারাদণ্ড দেওয়ার আইনগত এখতিয়ার রয়েছে কি না।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ ধরনের কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।

তবে স্থানীয় কমিটির পক্ষ থেকে এমন শাস্তির ঘোষণা দেওয়ার আইনগত ভিত্তি কী, তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com