হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৭:৩৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৭:৩৩:১১ অপরাহ্ন
হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন করে ইউটিউবে প্রকাশের ঘটনায় ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে দুই বছরের জন্য সংগীতচর্চা ও শিল্পকর্মে নিষেধাজ্ঞা এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

ইরানের ২৯ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে দেওয়া সাজা সোমবার (২৩ নভেম্বর) কার্যকর করা হয়। একই ঘটনায় তার ব্যান্ডের চার সদস্যকেও শাস্তির মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

২০২৪ সালের ডিসেম্বরে ধারণ করা একটি কনসার্টের ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলেন পারাস্তু আহমাদি। ‘কল্পনার কনসার্ট’ নামে পরিচিত ওই ভিডিওতে তিনি নয়টি ফারসি গান পরিবেশন করেন। ভিডিওটি এখন পর্যন্ত ৩২ লাখের বেশি বার দেখা হয়েছে।

ভিডিওতে পারাস্তুর পরনে লম্বা পোশাক থাকলেও মাথা ছিল অনাবৃত। তার কাঁধও ঢাকা ছিল না। এ সময় তার সঙ্গে কয়েকজন পুরুষ সংগীতশিল্পী অংশ নেন।

আইনজীবীর বরাতে জানা গেছে, পারাস্তু আহমাদি এবং তার ব্যান্ডের সদস্য সোহেইল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া ও মোহসেন লাশকারিকে কোম শহরের প্রসিকিউটর কার্যালয়ের সাজা কার্যকরকারী বিভাগে নেওয়া হয়। সেখানেই তাদের বিরুদ্ধে বেত্রাঘাতের সাজা কার্যকর করা হয়।

এর আগে কোমের একটি ফৌজদারি আদালত ‘সাইবার জগতে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের’ অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করে। পরে আপিল আদালতও সেই রায় বহাল রাখে।

ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে জনসমক্ষে নারীদের এককভাবে গান পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে দেশটির অনেক নারী সংগীতশিল্পী ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে বাধ্য হন। কেউ কেউ সংগীতচর্চা ছেড়ে দিয়েছেন, আবার অনেকে দেশত্যাগ করেছেন।

তবে নিজের কনসার্টকে প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরেছিলেন পারাস্তু আহমাদি। ভিডিও প্রকাশের সময় তিনি লিখেছিলেন, ‘আমি পারাস্তু। এমন এক মেয়ে, যে তার প্রিয় মানুষদের জন্য গান গাইতে চায়। এটি এমন একটি অধিকার, যা আমি উপেক্ষা করতে পারিনি।’

গত অক্টোবরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরানি কর্তৃপক্ষের প্রতি পারাস্তু ও কনসার্টে অংশ নেওয়া অন্য শিল্পীদের বেত্রাঘাতের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছিল।

ভিডিও প্রকাশের পর উত্তরাঞ্চলীয় শহর সারি থেকে পারাস্তুকে অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল। তবে ব্যাপক জনরোষের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তেহরানের বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ট্যাক্সি, ক্যাফে ও রাস্তাঘাটে বাজছিল পারাস্তুর গান।

এদিকে ইরানের অলাভজনক প্রতিষ্ঠান হাউস অব মিউজিকের প্রধান হামিদ রেজা নুরবাখশ নারী শিল্পীদের সংগীতচর্চা নিয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকার সমালোচনা করেছেন। তার মতে, নারীদের গান গাওয়া নিষিদ্ধ করে এমন কোনো স্পষ্ট ধর্মীয় বিধান নেই। তাই বিষয়টির একটি চূড়ান্ত সমাধান হওয়া প্রয়োজন।

পারাস্তু আহমাদির এই ঘটনা ইরানে নারীদের সাংস্কৃতিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সংগীতচর্চার স্বাধীনতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com