আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৬:৫৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৬:৫৪:০৬ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, রাস আল খাইমাহর আল ওয়াতান স্ট্রিটে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় ও জাতীয়তা এবং আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষায়িত উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। তারা উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্ঘটনা সম্পর্কে যেকোনো তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে এবং যাচাইবিহীন তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এ আমিরাত পর্যটন, শিল্প ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভয়াবহ এ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যাচ্ছে না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com