নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১০:২২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১০:২২:৫১ অপরাহ্ন
শিক্ষার্থীদের নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার পরিবেশ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী দাখিল মাদ্রাসায় ব্র্যাকের ওয়াশ (WASH) কর্মসূচির আওতায় নবনির্মিত হ্যান্ড ওয়াশিং স্টেশন, বিশুদ্ধ পানির পয়েন্ট ও ছাত্রীদের জন্য পৃথক ল্যাট্রিন উদ্বোধন করা হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এসব স্থাপনা নির্মাণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদ রানা সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত স্থাপনাগুলোর উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন। এ ছাড়া মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাক ওয়াশ কর্মসূচির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক রমেশ চন্দ্র বর্মন, কোয়ালিটি কন্ট্রোল কর্মকর্তা মো. কামরুজ্জামান, টেকনিক্যাল অফিসার মো. আলমগীর হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার আজিম হোসেন ও নাবিত বিল্লাহ প্রমুখ।

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মো. মোখলেসুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় সামাজিক উন্নয়নমূলক যেসব কাজ করা হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শুধু দেলুয়াবাড়ী দাখিল মাদ্রাসায় নয়, পর্যায়ক্রমে মান্দা উপজেলার আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ওয়াশ ব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার ব্যবস্থা ও উন্নত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাকের এ উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ব্র্যাক ওয়াশ কর্মসূচির কর্মকর্তারা জানান, মান্দা উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াশ ব্লক নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে এ কার্যক্রম পর্যায়ক্রমে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের স্বাস্থ্যসম্মত অবকাঠামো গড়ে তোলা হলে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি হবে এবং বিশেষ করে ছাত্রীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সহজ হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com