ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:৫০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:৫০:৩৪ অপরাহ্ন
বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দুদক জানায়, স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন উপ-সহকারী প্রকৌশলী রুবেল খান।

ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়াসহ বৈধ বিল আটকে রাখা এবং বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকি দিয়ে ঠিকাদারকে হয়রানি করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার দুদকের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘুষ গ্রহণের সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরতে ফাঁদ অভিযান পরিচালনার আবেদন করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে আজ ফাঁদ অভিযান পরিচালনা করে দুদকের পটুয়াখালী কার্যালয়ের একটি দল। অভিযানে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় রুবেল খানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানোর কার্যক্রম চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com