রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে সপ্তম দিনেও অবস্থানে

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:৪৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:৪৫:৫২ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪-এর নেতা-কর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। গত ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে রাবি সংস্কার আন্দোলন অবস্থান কর্মসূচি শুরু করে। পরে তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মঞ্চ ২৪।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মার বলেন, প্রশাসন রীতিমতো আমাদের উপেক্ষা করছে। অডিটের নামে তারা বিষয়টি ঝুলিয়ে রাখতে চাইছে। আমরাও চাই অডিট হোক। তবে বিগত রাকসুর অডিটের সঙ্গে পরবর্তী রাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা না করার কোনো যৌক্তিকতা নেই। সাত দিন হোক কিংবা সাত মাস, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি থেকে উঠব না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, আন্দোলনেরও একটি ধরন ও ধাপ রয়েছে। প্রথম দিন থেকেই অবস্থান কর্মসূচি বা অনশনের হুমকি দেওয়া এবং কারও কথা না শোনার মানসিকতা গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থী হিসেবে ন্যূনতম নিয়মনীতি ও শিষ্টাচার মেনে চলা উচিত। প্রতিটি বিষয় নিয়মতান্ত্রিকভাবে ধাপে ধাপে এগিয়ে নিতে হয়।

এর আগে ১৬ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের সম্মেলন কক্ষে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা। বৈঠকে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, রাকসুর অডিট সম্পন্ন হওয়ার আগে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তবে প্রশাসনের এ অবস্থানে সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com