দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর হাতে থাকা একটি মালা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। বিভিন্ন অনুষ্ঠান, সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার এমনকি সিনেমার শুটিংয়েও নিয়মিত এই মালা পরতে দেখা গেছে তাকে। অবশেষে সেই মালার রহস্য নিজেই প্রকাশ করেছেন অভিনেত্রী।
সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘বিহাইন্ডউডস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, তার হাতে থাকা মালাটি রুদ্রাক্ষের। তিরুচিপল্লীর শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথস্বামী মন্দির থেকে তার এক কাজিন মালাটি নিয়ে এসেছিলেন। পরে দাদার হাত ঘুরে মালাটি আসে অভিনেত্রীর কাছে।
তবে রুদ্রাক্ষের মালাটি শুধু পারিবারিক স্মৃতির নিদর্শন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সাই পল্লবীর জীবনের বিশেষ একটি অভিজ্ঞতা। চিকিৎসাবিদ্যার পড়াশোনা শেষ করে ভারতে ফেরার পর ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন (এফএমজিই) পরীক্ষায় অংশ নেন তিনি। সেই পরীক্ষার আগের দিন মালাটি হাতে নিয়ে প্রার্থনা করেছিলেন অভিনেত্রী।
সাই পল্লবীর বিশ্বাস, রুদ্রাক্ষের মালাটি তাকে মানসিক শক্তি জুগিয়েছিল এবং পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করেছিল। সাক্ষাৎকারে হাসতে হাসতে তিনি বলেন, “পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের এই মালা হাতে নিয়ে প্রার্থনা করতাম। আমার মনে হয়, এর ফলে পরীক্ষায় আমি ভালো ফলও করেছিলাম।”
অভিনেত্রী আরও জানান, সেই সময় থেকে মালাটি পরার অভ্যাস তৈরি হয় তার। ধীরে ধীরে এটি তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এমনকি সিনেমার শুটিংয়েও মালাটি সঙ্গে রাখেন তিনি।
উল্লেখ্য, ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এই সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন। এরপর ২০১৭ সালে তেলেগু সিনেমা ‘ফিদা’-তে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান অভিনেত্রী।
বর্তমানে বেশ কয়েকটি আলোচিত সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী। এর মধ্যে অন্যতম ‘রামায়ণ: পার্ট ১’, যা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ ছাড়া রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ও. এম.’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন ধানুশ, মাম্মুত্তি, শ্রীলীলা ও নাসিরুদ্দিন শাহসহ আরও অনেকে।
ব্যক্তিগত বিশ্বাস, স্মৃতি আর মানসিক শক্তির প্রতীক হয়ে ওঠা রুদ্রাক্ষের মালাটি তাই সাই পল্লবীর কাছে নিছক অলংকার নয়; বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ স্মারক।