১৫ বছরের জন্য জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:৫৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:৫৯:৪৮ অপরাহ্ন

অগ্রিম ৮১ লাখ ডলার পাবে সরকার, যাত্রী ও কার্গো পরিবহনের রাজস্ব থেকেও মিলবে অংশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাচ্ছে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপ (এসডব্লিউজি)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

চুক্তি অনুযায়ী, জাপানি প্রতিষ্ঠানটির কাছ থেকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে সরকার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের নির্ধারিত অংশও পাবে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় নেওয়া এ উদ্যোগের প্রস্তাব যাচাই-বাছাই ও দর-কষাকষির পর চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনাল নির্মাণের পর এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে আর্থিক প্রস্তাব জমা দেয় জাপানি প্রতিষ্ঠানটি। পরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রস্তাবটি পর্যালোচনা করে দর-কষাকষি সম্পন্ন করে। প্রস্তাবিত কনসেশন চুক্তিটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চূড়ান্ত করা হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, ১৫ বছর মেয়াদি কনসেশন পিরিয়ডে টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে জাপানি প্রতিষ্ঠানটি। এর বিনিময়ে প্রতিষ্ঠানটিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার দিতে হবে।

রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে যাত্রী পরিবহনের মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার সরকার পাবে। অন্যদিকে কার্গো পরিবহনের মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলারের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে এ খাতে যাত্রীদের কাছ থেকে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা আদায় করা হয়।

গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়েও চুক্তিতে বিশেষ শর্ত রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সম্পন্ন করতে পারবে।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে থার্ড টার্মিনালের কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শুরুতে চারটি ফ্লাইটের মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম চালু করা হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com