সীমান্তপথে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বিজিবি।
রোববার (২২ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এ সময় তল্লাশি চালিয়ে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ৪৩ হাজার ২০০ টাকা।
উদ্ধার করা নিষিদ্ধ সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদারের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।