ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:৪৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:৪৭:১৫ অপরাহ্ন
বিনোদন দুনিয়ায় ফের দুঃসংবাদ। ছ’বছরের দাম্পত্যে ভাঙনের সুর। বিচ্ছেদের পথে হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পী তথা গায়িকা সপনা চৌধরী ও গায়ক বীর সাহূ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন সপনা। এ বার নিজের দাম্পত্যজীবন নিয়ে মুখ খুললেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে সপনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যখন সব ভাল ছিল, তখন একসঙ্গে ছিলাম। এখন আর ভাল নেই, তাই একসঙ্গেও নেই।’’ তিনি জানান, তাঁদের সম্পর্কের সমীকরণ কী, তা দু’জনেই ভাল জানেন। বাইরের কারও এ বিষয়ে মন্তব্য করার অধিকার নেই।

সরাসরি না বললেও, স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন সপনা। তাঁর মন্তব্য, “যাঁর এক জায়গায় পেট ভরে না, তিনি ভিন্ন জায়গায় ঘুরলেও তৃপ্তি পান না।’’ তাঁর মতে, ভালবাসা শুধু শারীরিক আকর্ষণের বিষয় নয়। ভালবাসা আত্মার সঙ্গে জড়িয়ে থাকে। সেখানে আবেগের গুরুত্ব অনেক বেশি। তিনি যোগ করেন, পুরুষেরা অনেক সময় বেশি বাস্তববাদী হন, অন্য দিকে মহিলারা আবেগের বশে অনেক কিছু করে ফেলেন।

নিজের বিয়ের প্রসঙ্গেও অতীতের দিকে ফিরে তাকিয়েছেন সপনা। ‘বিগ বস’ থেকে বেরোনোর পরই তাঁর বিয়ে হয়েছিল। সে সময় জনপ্রিয়তার শিখরে ছিলেন তিনি। সপনার বক্তব্য, এক জন ভাল স্ত্রী এবং মা হওয়ার দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু একটা সময়ে তাঁর মনে হয়েছিল, অন্যের পরিচয়ের আড়ালে নিজের সত্তাটাই যেন হারিয়ে ফেলছেন। সপনার বক্তব্য, কারও স্ত্রী, কারও মা, কারও বৌদি— এই পরিচয়গুলির মধ্যেই আটকে পড়েছিলেন তিনি। নিজের ব্যক্তিত্ব ও পেশাগত জীবনে যে ভাবে উন্নতি করা উচিত ছিল, তা আর হয়ে ওঠেনি। সম্পর্কের টানাপড়েনে নিজের পরিচর্যা ও কেরিয়ারের দিকে নজর দেওয়া থেকে সরে গিয়েছিলেন।

সপনা জানিয়েছেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু জোর করে কোনও সম্পর্ক বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এখন তাই নিজের দিকে মনোযোগ দিতে চান। ব্যক্তিগত জীবন নিয়ে বিচার না করে তাঁর কাজের ভিত্তিতে তাঁকে মূল্যায়ন করারও আবেদন জানিয়েছেন তিনি।

বিবাহবিচ্ছেদের পরে কি আবার নতুন করে সংসার পাতবেন? এই প্রশ্নের উত্তরে সপনা স্পষ্ট জানিয়েছেন, এখনই দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন না তিনি। তাঁর কথায়, “আমার মতো মেয়ের সহজে বা চলতে-ফিরতে প্রেম হয় না। আমি খুব আবেগপ্রবণ। গভীর ভাবে ভালবাসি।’’ ভবিষ্যতে যদি এমন কাউকে পান, যিনি তাঁর ভালবাসার যোগ্য, তা হলে তখন ভেবে দেখবেন। তবে আপাতত দ্বিতীয় বার বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁর। সম্পর্কের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন সপনা।

উল্লেখ্য, ২০২০ সালে অভিনেতা-গায়ক বীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সপনা। তাঁদের দুই সন্তানও রয়েছে। বিয়ের ছ’বছর পরে সেই সম্পর্কই এখন বিচ্ছেদের মুখে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com