চা শ্রমিকদের বেতন-বোনাসের সাত লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:০৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৬:০৪:১১ অপরাহ্ন
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানাধীন পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল হোতাসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ভূজপুর থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদের পাশের কাঁচা রাস্তায় সহকারী ম্যানেজার নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো ছুরি দিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তাদের হেফাজতে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পরপরই চা-বাগান শ্রমিকদের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু (২১) ও জিহান উদ্দীন (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ২টার দিকে বাগান সংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট (২৪) ও মো. রাশেদকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভূজপুর থানায় একটি মামলা (নং-১৫) দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ আবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরবর্তীতে ১৬ অক্টোবর বিকেলে চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জাবেদকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ব্যাংক থেকে উত্তোলিত ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় ১৯ নভেম্বর ভূজপুর বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেন (২২) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ নভেম্বর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, ছিনতাইয়ের টাকা থেকে জাবেদ তাকে ১০ হাজার টাকা দিয়েছেন এবং বাকি টাকা জাবেদের স্ত্রী লিলু আক্তারের (২৭) কাছে রাখা আছে।

সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জাবেদের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় লিলু আক্তারকে গ্রেপ্তার করা হয় এবং তার দেখানো মতে ঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর থাকা একটি কালো ব্যাগ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) ও অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ (পিপিএম)-এর দিকনির্দেশনায় ভূজপুর থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com