গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:২৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:২৪:৩০ অপরাহ্ন
কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩নং জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারিরা।

শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে নোয়াগাঁও মজিব অ্যাগ্রো কেয়ার অ্যান্ড ফিশারিজ নামে খামারটিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, খামারি মজিবুর রহমান নোয়াগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিনি প্রায় ৭-৮ বছর ধরে আট একর পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। রোববার (২২ নভেম্বর) সকালে খামারে গিয়ে পুকুরের পানিতে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় মরা মাছ উদ্ধারের চেষ্টা করা হয়।

খামারের পাহারাদার শাহরিয়ার নাজিম জয় জানান, শনিবার রাত ১টা পর্যন্ত তিনি খামার পাহারা দিয়েছেন। এরপর ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এ সুযোগে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে।

খামারের যৌথ মালিক মজিবুর রহমান ও তার বড় ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী কাউছার আলম অভিযোগ করেন, আগেও তিনবার তাদের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করা হয়েছে।

মজিবুর রহমান জানান, এবারের ঘটনায় প্রায় দেড় লাখ রেণু পোনা নষ্ট হয়েছে। এতে তাদের আনুমানিক ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় বেশ কয়েকটি মাছের খামার রয়েছে। এভাবে বারবার মাছের খামারে বিষ প্রয়োগের ঘটনা ঘটলে মৎস্যচাষিরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে চান্দিনা থানায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com